নেত্রকোণার মদন উপজেলায় এক শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, র্যাবের একটি চৌকস দল ভোররাতে গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুপুরের দিকে আসামিকে র্যাবের পক্ষ থেকে মদন থানায় হস্তান্তরের কথা রয়েছে। থানা পুলিশ আসামিকে বুঝে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে আদালতে প্রেরণ করবে।
ওসি তরিকুল ইসলাম আরও জানান, আসামিকে আজ পুলিশের হেফাজতে পাওয়ার পর যদি দাপ্তরিক কাজের পর্যাপ্ত সময় থাকে, তবে আজই তাকে আদালতে তোলা হবে। অন্যথায় যথাযথ প্রক্রিয়ায় আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পুলিশ এই মামলার তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এদিকে র্যাব-১৪ কার্যালয় সূত্রে জানা গেছে, এই চাঞ্চল্যকর মামলার মূল আসামি গ্রেপ্তারের বিষয়ে আজ দুপুর ১২টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র্যাব-১৪ এর অধিনায়ক অভিযানের বিস্তারিত এবং আসামির বিষয়ে আরও তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
উল্লেখ্য, নেত্রকোণার মদনে এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আসামিকে গ্রেপ্তারের খবর আসার পর ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।