পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন নেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানা,ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৫৬তম সভা, যা ২৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হয়, সেখানে মি. আসিফ রহমানকে ২.৪২ শতাংশ শেয়ারধারী হিসেবে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তার অন্তর্ভুক্তির ফলে পরিচালনা পর্ষদের সম্মিলিত শেয়ারধারণ দাঁড়িয়েছে ৩০.৫৩১ শতাংশে। পর্ষদে তার যোগদানের পরই ২০২৫ অর্থবছরের জন্য স্টক ডিভিডেন্ড সুপারিশ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ জুলাই থেকে ২০২৬ সালের ২৮ এপ্রিল পর্যন্ত সময়ের জন্য আসিফ রহমানের পরিচালক পদটি শূন্য ছিল।
ব্যাংকটি আরও জানিয়েছে, আসিফ রহমানের ব্যক্তিগত ২.৪২ শতাংশ শেয়ার এখনো সিডিবিএলের ব্লক মডিউলে সংরক্ষিত রয়েছে। তবে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে তার অন্তর্ভুক্তির পর ব্যাংকের মোট পরিচালনা পর্ষদের শেয়ারধারণ ৩০.৫৩১ শতাংশে উন্নীত হয়, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম সীমা পূরণ করে।
এ পরিস্থিতিতে, স্টক ডিভিডেন্ড ঘোষণার জন্য বিএসইসি’র অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছে ব্যাংকটি। একই সঙ্গে, ডিভিডেন্ড ঘোষণায় বিএসইসি অনুমোদন লাগবে—এমন পূর্ববর্তী সংবাদটি উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।