কুমিল্লার মুরাদনগরে মধ্যরাতে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে রমিজ (২১), রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে ইমন মিয়া (২১), একই গ্রামের হিরা মিয়ার ছেলে সম্রাট (১৮) ও পার্শ্ববর্তী হোমনা উপজেলার শোভারামপুর গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে মো. হযরত আলী (৩১)।
তোপের মুখে উধাও রাজ, বন্ধ অফিসিয়াল ফেসবুকওতোপের মুখে উধাও রাজ, বন্ধ অফিসিয়াল ফেসবুকও
পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো. শফিউল আলমের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানার এসআই সাজ্জাদ উল করিম ও এএসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের তেমুরিয়া এলাকার জাহেদ আলী মার্কেট সংলগ্ন আমির কারওয়াশের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে পৃথকভাবে সর্বমোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, তেমুরিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছোট ছোট গ্রুপে মাদক বেচাকেনা চলে আসছে। নিয়মিত এ ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনার দাবি তাদের।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।