বৃষ্টির মুষলধারা চলছে সিলেটজুড়ে। জবুথবু পরিবেশ। এরমধ্যে নির্ধারিত সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি যোগে আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় হযতে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সেখানে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন তিনি।বৃষ্টির মধ্যে সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সস্ত্রীক প্রধানমন্ত্রী।
এয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা ময়দানে বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সিলেট সফর। এ সফরটি সিলেটের ইতিহাসে এক অনন্য অধ্যায়।
সফরসূচি অনুযায়ী আজ সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষ নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১২টায় বহু প্রতীক্ষিত সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাতে।
সিলেট সার্কিট হাউসে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবের ভাব। প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। সড়ক মেরামত, ডিভাইডারে বৃক্ষরোপণ ও রং করার কাজ শেষ হয়েছে। অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ করে নগরকে পরিচ্ছন্ন রাখা হয়েছে আপাতত। সফরকে কেন্দ্র করে সর্বত্রই প্রস্তুতির ছাপ সুষ্পষ্ট