ঢাকা ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিআরএম ডিভিশনের প্রধান মোকাররাম হোসেন চৌধুরীকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর – ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রায় ৩৪ বছরের সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন। তিনি ১৯৯২ সালে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে তাঁর কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন দেশি-বিদেশি ব্যাংকে কাজ করে ট্রেড ফাইন্যান্স, ক্রেডিট অপারেশনস এবং শাখা ব্যবস্থাপনায় ব্যাপক দক্ষতা অর্জন করেন।
মোকাররাম হোসেন চৌধুরী ২৫ মার্চ ২০০১ তারিখে ঢাকা ব্যাংক পিএলসি-তে যোগদান করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ট্রেড ফাইন্যান্স প্রধান, আরএমজি ডিভিশন প্রধান, ক্রেডিট প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে আরএমজি ডিভিশনের প্রধান হিসেবে তিনি তৈরি পোশাক খাতভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা ব্যাংকের ব্যবসা প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে।
দূরদর্শী ও দক্ষ নেতৃত্বের অধিকারী মোকাররাম হোসেন চৌধুরী নতুন দায়িত্বে ঢাকা ব্যাংকের উৎকর্ষ, উদ্ভাবন এবং আধুনিক ব্যাংকিং চর্চাকে আরও শক্তিশালী করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। পাশাপাশি বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়ে তিনি ট্রেড ফাইন্যান্স বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেন।