ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালীতে একটি বড় কনটেইনারবাহী জাহাজ আটক করেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। আটক জাহাজটির নাম ‘এপামিনোন্দাস’। সামুদ্রিক নিরাপত্তা জোরদারে চলমান অভিযান হিসেবে জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে।
ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আইআরজিসি নৌবাহিনী একই অভিযানে আরও একটি জাহাজ আটক করেছে। দুটি জাহাজ হলো ‘এমএসসি ফ্রান্সিসকা’ ,যা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে—এবং ‘এপামিনোন্দাস’। অভিযোগ করা হয়েছে, জাহাজগুলো অনুমতি ছাড়া চলাচল, বারবার নিয়ম লঙ্ঘন এবং নৌ-নির্দেশনা সহায়ক ব্যবস্থায় হস্তক্ষেপ করে সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করেছে।
আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি গোপনে হরমুজ প্রণালী ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় ইরানি নৌ ইউনিটগুলো সেগুলো শনাক্ত করে এবং কৌশলগত এই জলপথে দেশের অধিকার রক্ষার অংশ হিসেবে আটক করে।
পরবর্তীতে জাহাজ দুটিকে ইরানের জলসীমায় নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের বহনকৃত পণ্য, নথিপত্র ও সংশ্লিষ্ট রেকর্ড পরীক্ষা করা হবে।