বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত হবে আজ। গতকাল বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণসংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সভায় পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।
এর আগে, গত ১৯ এপ্রিল রাতে বনানীস্থ বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে বৈঠকটি শেষ হয়। বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে। মন্ত্রণালয় থেকেই খসড়া প্রস্তাব চূড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
এদিকে ভাড়া চূড়ান্ত হওয়ার আগেই অনেক পরিবহন বাড়তি ভাড়া নেওয়া শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে সরকারিভাবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।
এক বিবৃতিতে তিনি বলেন, সরকার কর্তৃক বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমান ভাড়ার চেয়ে বেশি না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। সেই সঙ্গে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে গাড়ির মেইনটেন্যান্স খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে পরিবহন মালিক সমিতি।
বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।