পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি সহযোগী প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি সহযোগী প্রতিষ্ঠানে ১৯২ কোটি ৫৫ লাখ, ৮৪ হাজার ৫০০ টাকা বিনয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রাইট ইস্যুর মাধ্যমে এই বিশাল অংকের মূলধন জোগান দেবে কোম্পানিটি। আগামী ৩০ দিনের মধ্যে উত্তরা ব্যাংক ১:৪ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে।
গত ১৬ এপ্রিল উত্তরা ব্যাংক সিকিউরিটিজের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই রাইট শেয়ার ইস্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। অনুমোদিত শর্তানুযায়ী, ব্রোকারেজ হাউজটি তাদের বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে ৪টি করে রাইট শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) এসব শেয়ারের মাধ্যমে বাজার থেকে মোট ২০০ কোটি টাকা পরিশোধিত মূলধন সংগ্রহ করা হবে।
মূলধনের এই বিশাল জোগান প্রতিষ্ঠানটির বর্তমান শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী বণ্টন করা হয়েছে। মোট ২০০ কোটি টাকার মধ্যে উত্তরা ব্যাংক একাই ১৯২ কোটি টাকা জোগান দেবে। অবশিষ্ট ৮ কোটি টাকা দেবেন কোম্পানিটির অন্যান্য ছয়জন ব্যক্তিগত বিনিয়োগকারী, যারা বর্তমানে ক্ষুদ্র অংশীদার হিসেবে রয়েছেন।
বিজনেস আই/