সরকার দেশে কর্মসংস্থান বাড়ানো ও প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ-এ প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, এই বৃহৎ নিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২,৮৭৯ জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে নিয়োগ সম্পন্ন করা হবে।
সরকারের এই উদ্যোগের পাশাপাশি অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও উন্নয়নে কেন্দ্রীয় কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলায় ১০ বিঘা জমিতে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা হবে, যা তরুণদের ক্রীড়া চর্চায় নতুন সুযোগ তৈরি করবে।
প্রযুক্তিখাতের উন্নয়নেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাই-টেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারসমূহকে কার্যকরভাবে পরিচালনার উদ্যোগের পাশাপাশি দেশে PayPal-এর কার্যক্রম চালুর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে ফ্রিল্যান্সার ও ডিজিটাল উদ্যোক্তারা আন্তর্জাতিক লেনদেনে আরও সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
ক্রীড়াবিদদের জন্যও সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে ইতোমধ্যে ১২৯ জন ক্রীড়াবিদ ভাতা পেয়েছেন।
এছাড়া বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সহায়তায় ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি’-এর ভিত্তিতে ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা হয়েছে।
সরকারের এই সমন্বিত উদ্যোগ—বৃহৎ নিয়োগ, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিখাতে অগ্রগতি এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা—দেশের সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।