রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনের চার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনকে ১ নম্বর আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের হয়। এই ঘটনায় মঈনের সহযোগীকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-৪। পরে ওই চার আসামিকে থানায় হস্তান্তর করে র্যাব।
ওই ঘটনার মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি। শনিবার (১১ এপ্রিল) সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মঈন উদ্দিন মঈনকে ১ নম্বর আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে ডা. কামরুল ইলসামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টি ঘটনা ঘটে।