প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছান। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে টেলিনর গ্রুপের সিইও’র সঙ্গে তার এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং “স্মার্ট বাংলাদেশ” বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করতে বিদেশি বিনিয়োগ অপরিহার্য। তিনি আরও বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতি সহায়তা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও তা আরও শক্তিশালী করা হবে।
টেলিনর গ্রুপের সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, টেলিনোর গ্রুপর বাংলাদেশে তাদের সেবার মান উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যতে ৫জি প্রযুক্তি বিস্তারে কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।


















