নাহিদ রানা, শরিফুল ইসলামদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না মুস্তাপিজুর রহমানদের দল লাহোর কালান্দার্স। তাদের গুঁড়িয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠল পেশোয়ার জালমি।
আসরের ১৯তম ম্যাচে শনিবার প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৩ রান তোলে পেশোয়ার। তিনে নেমে ৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রান করেন কুসাল মেন্ডিস। ৪০ বলে ৪৩ রানের পথে প্রথম ক্রিকেটার হিসেবে পিএসএলে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর আজম।
বল হাতে মুস্তাফিজ নেন ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট। তবে ২২ রানে ৩ উইকেট নিয়ে লাহোরের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি।
জবাবে ১৭ ওভারে স্রেফ ৯৭ রানে গুটিয়ে যায় লাহোর। মাইকের ব্রেসওয়েল ১৮ রানে ও সুফিয়ান মুকিম ২১ রানে নেন ৩টি করে উইকেট।
শরিফুল ২ ওভারে ১৭ রানে ১টি ও নাহিদ ৩ ওভারে ১৫ রানে ২টি শিকার ধরেন।
৭৬ রানের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রানা-শরিফুলদের পেশোয়ার। পাঁচ ম্যাচের চারটিতে জেতা দলটি এখনো অপরাজিত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দলটির পয়েন্ট ৯। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মুলতান।
পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে লাহোর।