শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সভায় সর্বসম্মতিক্রমে খন্দকার সাকিব আহমেদকে চেয়ারম্যান, মহিউদ্দিন আহমেদ পুনরায় ভাইস চেয়ারম্যান এবং মো. জাফর ছাদেক ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাকিব আহমেদ ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র সঙ্গেও সম্পৃক্ত। ১৯৭৫ সালে ঢাকায় জন্ম নেওয়া এই ব্যবসায়ীর এমবিএ ডিগ্রিধারী এবং তিন দশকের বেশি সময়ের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে।
তিনি ‘সাকিব অন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড’, ‘অন দ্য ওয়ার্ল্ড হজ অ্যান্ড ওমরাহ লিমিটেড’ ও ‘ইনটেক লিমিটেড’-এর চেয়ারম্যান এবং ‘অ্যাকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড’-এর পরিচালক। পাশাপাশি ‘মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড’-এর শেয়ারহোল্ডার ও ‘ইনোভিও আইটি’-এর পার্টনার। শিক্ষা খাতেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
সাকিব আহমেদ ইস্টার্ন ইউনিভার্সিটি ও আল-আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের গভর্নিং বডির সদস্য, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক এবং মিসবাহুল উলূম মডেল মাদরাসা পরিচালনার সঙ্গে যুক্ত। তিনি বনানী রোটারি ক্লাবের সদস্য।
পুনঃনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন এবং চার দশকের বেশি সময়ের সফল ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। তিনি ‘রূপসা ট্রেডিং কর্পোরেশন’ ও ‘মহিউদ্দিন অটো হাউস’-এর স্বত্বাধিকারী এবং ‘প্যাসিফিক অটোমোবাইলস’-এর চেয়ারম্যান।

এছাড়া তিনি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা শেয়ারহোল্ডার। শিক্ষা ও ব্যবসায় সংগঠনেও তাঁর সম্পৃক্ততা রয়েছে—তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সাবেক ভাইস-চেয়ারম্যান ও গভর্নিং বডির সদস্য এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক। শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. জাফর ছাদেক বর্তমানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। আইসিএবি’র ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এই ব্যাংকার ২০০২ সালে হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এ কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংক এবং ২০০৬ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে যোগ দেন।
দুই দশকের বেশি অভিজ্ঞতায় তিনি আর্থিক পরিকল্পনা, কর ব্যবস্থাপনা, রেগুলেটরি রিপোর্টিং, মূলধন পরিকল্পনা, সম্পদ-দায় ও ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেছেন। চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে তাঁর নেতৃত্বে ব্যাংকটি আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস থেকে একাধিকবার সেরা বার্ষিক প্রতিবেদনের স্বর্ণপদক অর্জন করেছে। পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়ার পাশাপাশি শাহজালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমী ও বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষক হিসেবেও অবদান রাখছেন।
বিজনেস আই/


















