ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ১:০৯ অপরাহ্ন

লিভারপুলকে উড়িয়ে সেমিফাইনালের পথে এগিয়ে পিএসজি

ইউরোপ সেরার মঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির দাপটে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেল লিভারপুল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের লড়াইয়ে অলরেডদের ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথ অনেকটা সুগম করে নিল ফরাসি জায়ান্টরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে পিএসজি। পুরো ম্যাচে ৭৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে লিভারপুল শিবিরে আতঙ্ক ছড়ায় তারা। ম্যাচের মাত্র ১১ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। উসমান দেম্বেলের প্রচেষ্টায় বল পেয়ে দুর্দান্ত এক উঁচু শটে জাল কাঁপান দেজিরে দুয়ে। এরপর প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও লিভারপুল গোলরক্ষক জিওরজি মামারদাশভিলির দৃঢ়তায় গোলবঞ্চিত হয় পিএসজি।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পিএসজির রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় লিভারপুল। উল্টো ৬৫ মিনিটে আরও একটি গোল হজম করেন।

এই হারে সব ধরনের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পেল লিভারপুল। ব্রাইটন ও ম্যানচেস্টার সিটির পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও মুখ থুবড়ে পড়ল তারা। আগামী মঙ্গলবার লিভারপুলের নিজেদের দুর্গ অ্যানফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালে যেতে হলে ঘরের মাঠে অবিশ্বাস্য কিছুর জন্ম দিতে হবে অলরেডদের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ