গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৬ এপ্রিল) এই হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হন অনেকে। খবর ডেইলি সাবাহ’র।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে চালানো সবশেষ হামলা এটি।
হামলার আগে কিছু ফিলিস্তিনি অভিযোগ করেন ইসরায়েল-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ওই স্কুলে ঢুকে কিছু মানুষকে অপহরণের চেষ্টা করে। এ নিয়ে তাদের সঙ্গে সংঘর্ষও হয় বলে স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকেরা জানান।
সংঘর্ষ চলাকালে, গাজার কেন্দ্রীয় অঞ্চলের মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে অন্তত ১০ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শী আহমেদ আল-মাঘাজি জানান, ইসরায়েল-সমর্থিত গোষ্ঠীর সদস্যরা তাদের এলাকায় হামলা চালায় এবং গুলি চালায়। বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি রক্ষার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী সরাসরি তাদের লক্ষ্য করে হামলা চালায়।
পরে সোমবার এক ভিডিও বার্তায় ওই গোষ্ঠীর এক নেতা দাবি করেন, তারা হামাসের অন্তত পাঁচ সদস্যকে হত্যা করেছে। তবে ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।