ব্রাজিলের বর্তমান কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অফিসিয়াল ওয়েবসাইটে এক কড়া বিবৃতিতে আলমেরিয়ার বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগ এনেছে। ক্লাবটির দাবি, ২০২২ সালে ফুটবলার লাজারোকে বিক্রির চুক্তির শর্ত অনুযায়ী আলমেরিয়া গত ৫৯০ দিন ধরে প্রায় ১৮ লক্ষ ইউরো পরিশোধ করছে না।
বিবৃতিতে সবচেয়ে চমকপ্রদ দিক ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম উল্লেখ করা। সেখানে বলা হয়েছে, “গত ফেব্রুয়ারিতে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এই স্প্যানিশ ক্লাবটির ২৫ শতাংশ শেয়ার কিনেছেন।” মূলত আলমেরিয়ার এই খেলাপি আচরণের দায়ভার নতুন মালিক হিসেবে রোনালদোর ওপরও চাপাতে চাইছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
২০২২ সালে ফ্লামেঙ্গো থেকে ৭ মিলিয়ন ইউরোতে লাজারোকে কিনেছিল আলমেরিয়া। চুক্তিতে শর্ত ছিল, স্পেনে প্রযোজ্য কর আলমেরিয়া পরিশোধ করবে। কিন্তু স্প্যানিশ ক্লাবটি তা না করায় ফ্লামেঙ্গোকে বাধ্য হয়ে ১৫ লক্ষ ইউরো কর দিতে হয়। ফিফার রায় অনুযায়ী আলমেরিয়ার এই অর্থ ফ্লামেঙ্গোকে ফেরত দেওয়ার কথা থাকলেও তারা তা দিচ্ছে না। বর্তমানে সুদের হারসহ এই পাওনা দাঁড়িয়েছে ১৮ লক্ষ ইউরোর বেশি।
স্পোর্টিকোর র্যাঙ্কিং অনুযায়ী ৪১ বছর বয়সী রোনালদোর মোট সম্পদের পরিমাণ ২৫২ কোটি ডলার। ফ্লামেঙ্গোর দাবি করা অর্থ তাঁর সম্পদের তুলনায় খুবই সামান্য। ফ্লামেঙ্গোর অভিযোগ, আলমেরিয়া জেনেবুঝেই সময়ক্ষেপণ করছে এবং আন্তর্জাতিক ফুটবলের সততা ও চুক্তির নিয়ম লঙ্ঘন করছে।
ইতিমধ্যেই ফিফা ফ্লামেঙ্গোর পক্ষে রায় দিয়েছে। তবে আলমেরিয়া সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করায় বিষয়টি এখন ক্রীড়া আদালতের অধীনে রয়েছে। ফ্লামেঙ্গো আশা করছে, রোনালদোর মতো বড় ব্যক্তিত্বের মালিকানাধীন ক্লাব এমন অপেশাদার আচরণ বন্ধ করে দ্রুত দেনা পরিশোধ করবে।

রোনালদো বা আলমেরিয়া কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা রোনালদো মাঠের বাইরের এই বিতর্ক কীভাবে সামলান, এখন সেটাই দেখার বিষয়।


















