জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় আব্দুল হাকিম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শ্বশুরসহ ছয়জনকে আটক করেছে পুলিশ ।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে মোহাম্মদ শামীম মিয়া ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং সেখানে স্ত্রীকে নিয়ে থাকতেন ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় পাঁচ বছর আগে সদর উপজেলার নরুন্দি কচুনধরা এলাকার কাদিউর রহমানের মেয়ে কামরুন নাহারের সঙ্গে শামীম মিয়ার বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টির মীমাংসার লক্ষ্যে গতকাল রাতে আব্দুল হাকিমের বাড়িতে সালিস বসে। ওই বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং কথা-কাটাকাটি হয় ।
এসময় শামীমের শ্বশুর ও তার স্বজনরা আব্দুল হাকিমকে মারধর করেন। নিহতের ভাতিজা নয়ন মিয়া জানান, শ্বশুরবাড়ি থেকে ১০-১২ জন লোক তাদের বাড়িতে এসে হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই চাচা, চাচি ও চাচাতো বোনের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হয়ে চাচা আব্দুল হাকিম মারা যান ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য আব্দুল হাকিমের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।