ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

কুয়েত বিমানবন্দরে ফের ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ইরানের ড্রোন হামলায় ‘ভয়াবহ অগ্নিকাণ্ড’ ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা এ তথ্য জানায়।

হামলার ফলে জ্বালানি ট্যাংকগুলোতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানি ড্রোন হামলার পর একটি কোম্পানির স্থাপনায় আগুন নেভাতে কাজ করছে তারা।

অন্যদিকে আল জাজিরার খবরে বলা হয়, ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলায় দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর ‘স্পষ্টভাবে লক্ষ্যবস্তু’ হয়েছে বলে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে ঘটনাস্থলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে।

তিনি জানান, জরুরি সেবা দল ঘটনাস্থলে কাজ করছে এবং শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

মূলত যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ চলাকালে ইরান-সমর্থিত ড্রোন একাধিকবার কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কুয়েতি কর্তৃপক্ষ জানায়, এসব হামলায় বেশ কয়েকজন আহত হন এবং যাত্রী টার্মিনালেরও ক্ষতি হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ