দেশের পুঁজিবাজারে প্রথমবারের মত অরেঞ্জ বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অরেঞ্জ বন্ড হিসেবে সাজিদা ফাউন্ডেশনকে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের জিরো-কুপন বন্ড অনুমোদন করেছে বিএসইসি।
আজ সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত বিএসইসির ১০০৬তম কমিশন সভায় বন্ড ইস্যুর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্ডটির মেয়াদ ১ থেকে ৩ বছর। বন্ডটি নন-কনভার্টেবল, ফুলী রিডামবল, আনসিকিউরড অরেঞ্জ জিরো-কুপন বন্ড। ডিসকাউন্ট রেট প্রায় ৭ থেকে ১১.৫০ শতাংশ এর মধ্যে।
প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে এই বন্ড করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক, বীমা কোম্পানি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে অফার করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সাজিদা ফাউন্ডেশন সম্পূর্ণরূপে তাদের মাইক্রোফাইন্যান্স পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণে ব্যবহার করবে। অরেঞ্জ বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থ বিশেষভাবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি সেবা বৃদ্ধি এবং সর্বোপরি নারী ক্ষমতায়নের জন্য ব্যবহৃত হবে। উল্লেখ্য যে, অরেঞ্জ বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থ আন্তর্জাতিক মান পরিপালন করে ব্যবহার করা হবে মর্মে Impact Investment Exchange (IIX) সেকেন্ড পার্টি মতামত(SPO)দিয়েছে।
এই বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করবে ব্রাক ডিবিএইচ ফিন্যান্স পিএলসি। আর ফান্ড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্রাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
বিজনেস আই/