ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি (পেট্রোল ও ডিজেল) জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ওসি রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ ছাড়া জব্দকৃত জ্বালানি জনস্বার্থে সংশ্লিষ্ট পাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনও ধরনের অবৈধ মজুদ বা অনিয়ম বরদাস্ত করা হবে না।