বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে দলটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার কারণে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
এবারের নির্বাচনে বগুড়া জেলাধীন শিবগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মীর শাহে আলম। পরবর্তী সময়ে তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
দলীয় সূত্র জানিয়েছে, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে মীর শাহে আলমের পদত্যাগের ফলে সভাপতির পদটি শূন্য হয়ে পড়লে গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।