ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধে ভোলায় সংঘর্ষে নারীসহ আহত ১৫

ভোলা সদরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মসজিদ মার্কেটে সাইদুল হক ও মো.মফিজের সমর্থকদের মধ্যে সোমবার (২৩ মার্চ) বিকেল সোয়া ৫টায় এ সংঘর্ষ ঘটে।

আহতরা হলেন- সাইদুল হক পক্ষের আব্বাস, মিনারা, নাহিদা, সামসুদ্দিন, রাসেল, নুরুদ্দিন, মেহেদী ও হুজাইফা এবং মফিজ পক্ষের রাসেল, মফিজ, নাহার, শাকিল, শরীফ ও রাইসুল আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই বাড়ির বাসিন্দা সাইদুল হক ও মো. মফিজের মধ্যে প্রায় আড়াই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য সোমবার উভয়পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে বসেন। তবে সালিশ চলাকালীন একপর্যায়ে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয়পক্ষের নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ