ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী। তবে এখন জনমানুষ কম থাকার পরও ভালো নেই ঢাকার বাতাস। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চর্তুথ নম্বরে রয়েছে ঢাকা।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে।
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৯৩ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৭৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং, অর্থাৎ তাদের বাতাসও আজ অস্বাস্থ্যকর। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন, তাদের স্কোর ১৭৪। চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অস্বাস্থ্যকর অবস্থায় থাকা ঢাকার বাতাসের দূষণ স্কোর ১৬৫।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।



















