পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ। ফর্ম বিবেচনায় বর্তমানে তার টি-টোয়েন্টি দলে থাকারই কোনো যোগ্যতা নেই বলে মনে করেন রশিদ লতিফ।
ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর সালমান আলী আগাকে সরিয়ে আফ্রিদিকে এই সংস্করণের অধিনায়কত্ব দেওয়ার আলোচনা চলছে পাকিস্তান ক্রিকেটে। যেটা যৌক্তিক মনে হচ্ছে না রশিদের কাছে।
আফ্রিদির সমালোচনায় রশিদ বলেন, ‘এখন অনেকেই বলছে আফ্রিদির ওয়ানডে অধিনায়কত্ব থাকা উচিত নয়, আবার কেউ কেউ তাকে টি-টোয়েন্টি অধিনায়ক করার কথাও বলছে। কিন্তু আমার মতে, সে এখন টি-টোয়েন্টি দলে থাকারই যোগ্য নয়।’
যদি আগের মতো ফর্ম থাকতো তাহলে আফ্রিদিকে অধিনায়ক করা যেত বলে মনে করেন রশিদ, ‘একটা সময় ছিল, যখন তাকে অধিনায়ক করা যেত। এখন তো দলে জায়গাই প্রাপ্য নয় তার। অনেকেই এখন প্রচারণা চালাচ্ছে, তাকে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি অধিনায়ক করা হোক। কিন্তু আমি টি-টোয়েন্টি দলে তার জায়গাই দেখি না। তার সময় শেষ।’