কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন, সাজ্জাত হোসেন (২২), মন্জুর আলম (৪৫), আসকরআলী (১৬), মোবারক(১১) ইব্রাহিম (২৮) নুর খান (২২) মিজান (১৬) ও কলি আক্তার (৪)। আহতদের বাড়ি মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায়।
আহতদের মধ্যে শফিকুল ইসলাম (১৫) ও মোবারকের (১৪) অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেকুয়া বাজার থেকে মগনামামুখী যাত্রী বহনকারী একটি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি জিপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রী বহনকারী অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় শিশুসহ ৯ জন গুরুতর আহত হয়। আহতদের অধিকাংশই মাথা ও মুখে আঘাত পেয়েছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে পাজেরো জিপটি জব্দ করে।


















