সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের (৩৮) মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে তাকে বহন করা সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।
গত ৮ মার্চ মোশাররফ হোসেন সৌদি আরবে মিসাইলের আঘাতে নিহত হন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। ৮ বছর আগে তিনি চাকরির সুবাদে সৌদিতে গিয়েছিলেন। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ করতে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে উপস্থিত হয়েছেন তার স্বজনরা। এ সময় তারা মোশাররফ হোসেনের স্মৃতিচারণ করে কান্না করেন।
নিহতের চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমি মোশাররফ হোসেনকে সৌদি পাঠিয়েছি। যাওয়ার পর মাঝে মাঝে তার সঙ্গে কথা হতো। এ অবস্থায় তার মৃত্যু খুবই কষ্টের। এ পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে আহ্বান জানাই।
তিনি আরও জানান, মৃত্যুর ৩০ মিনিট আগেও মোশাররফ হোসেন তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। তখন ছেলেদের ঈদের জামা কিনে দিতে টাকা পাঠাবেন বলে জানান। কিন্তু ডিউটি অবস্থায় মিসাইল হামলায় সব শেষ হয়ে গেছে।