ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ফাইনালের ২ মাস পর বদলে গেল ফল, আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কো

আফ্রিকান নেশন্স কাপের ঘটনাবহুল ফাইনালে বিতর্কিত সেই ওয়াক-অফের কঠিন শাস্তি পেল সেনেগাল। তাদের চ্যাম্পিয়নের খেতাব কেড়ে নিয়ে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসের বিজয়ী ঘোষণা করা হয়েছে মরক্কোকে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাংলাদেশ সময় বুধবার ভোরে এই সিদ্ধান্ত জানিয়েছে।

গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত সেই ফাইনালে সেনেগাল ১-০ গোলে মরক্কোকে হারালেও বিতর্ক থামেনি। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মরক্কোকে একটি পেনাল্টি দেওয়া হলে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছাড়েন। প্রায় ১৭ মিনিট পর তারা ফিরে এসে খেলা চালালেও মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি রুখে দিয়ে অতিরিক্ত সময়ে পাপে গেয়ির গোলে জয় পায় সেনেগাল।

এই ঘটনায় আইনি পদক্ষেপ নেয় মরক্কো। এএফসি-র আপিল বোর্ডের সিদ্ধান্তে বদলে যায় ম্যাচের ফল। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, সেনেগাল ‘ফাইনাল ম্যাচ বর্জন করেছে’ এবং ম্যাচের ফল ‘মরক্কোর পক্ষে ৩-০ জয়’ হিসেবে গণ্য হবে।

সেনেগাল ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তকে “অন্যায্য, নজিরবিহীন ও অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়ে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টে আপিল করার ঘোষণা দিয়েছে।

মরক্কোর ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের আপিলের উদ্দেশ্য ছিল কেবল প্রতিযোগিতার নিয়ম প্রয়োগ নিশ্চিত করা। তারা আফ্রিকান ফুটবলে স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এই সিদ্ধান্তে আফ্রিকান ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিলেও মাঠে সেনেগালের জয় উদযাপন ও ট্রফি প্রদর্শনের স্মৃতি মুছে যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ