ইরানের বিস্ফোরকবাহী ড্রোন হামলার পর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সব উড়োজাহাজের ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর জানিয়েছে, রোববার গভীর রাতে বিস্ফোরকবাহী একটি ড্রোন বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং বিমানবন্দরের একটি বড় অংশে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড়োজাহাজের সব ধরনের ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।সংবাদ বিশ্লেষণ
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব যাত্রীর উড়োজাহাজ যাত্রা বাতিল হয়েছে তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ধাপে ধাপে উড়োজাহাজ চলাচল আবার শুরু করা হবে।
বিশ্বের অন্যতম ব্যস্ত এই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার উড়োজাহাজ ওঠানামা করে এবং বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। ফলে এ ঘটনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলেও সাময়িক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ড্রোন হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করার কথা জানিয়েছে তারা।