পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ (সোমবার) ঈদের আগে তাদের শেষ কর্মদিবস। সরকারি ছুটির পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে মানুষ ইতোমধ্যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
ঈদুল ফিতর উপলক্ষে আগে থেকেই নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যোগ হওয়ায় এবার টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে দেশের সব সরকারি অফিসে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন ছুটি থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির সময় নির্ধারণ করে রেখেছিল।
এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। এরপর ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে ঈদ উপলক্ষে এবার টানা সাত দিনের ছুটি পাওয়া যাচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন (কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬)-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং অনেক বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।
এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত।
এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে।


















