ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন

শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে দাপট দেখালেও নকআউট পর্বের শুরুটা খুব ভালো হয়নি আর্সেনালের। লেভারকুসেনের মাঠে প্রথম লেগে কঠিন লড়াই করে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে মিকেল আর্তেতার দল।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই খুব একটা আক্রমণাত্মক খেলতে পারেনি। নিরুত্তাপ লড়াইয়ের মধ্যেই কাটে প্রথম ৪৫ মিনিট। তবে বিরতির পর মাঠে নেমেই আর্সেনালকে চমকে দেয় স্বাগতিক বায়ার লেভারকুসেন।

দ্বিতীয়ার্ধ শুরুর প্রথম মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে দূরের পোস্টে একেবারে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হেড করেন জার্মান মিডফিল্ডার রবার্ট আন্দ্রিখ। তার হেডেই জালে বল জড়িয়ে এগিয়ে যায় লেভারকুসেন।

গোল হজমের পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে আর্সেনাল। ম্যাচের বেশিরভাগ সময়ই গোলের খোঁজে মরিয়া হয়ে খেললেও সফল হতে পারছিল না তারা। অবশেষে ম্যাচের ৮৯তম মিনিটে সমতায় ফেরে গানাররা।

ননি মাদুয়েকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় আর্সেনাল। স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ।

শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই ম্যাচ শেষ হয়। ফলে সবকিছু নির্ধারণ হবে দ্বিতীয় লেগে। আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ