ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেনের সুযোগ দিতে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়, ব্যাংকগুলোকে সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। কোনো এটিএম বুথে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া এটিএম বুথগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়েও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকগুলোকে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে যেকোনো পরিমাণ লেনদেনের জন্য গ্রাহকদের এসএমএস অ্যালার্ট সেবার মাধ্যমে তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়।

ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের ছুটি অনুমোদন করেছে সরকার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ