ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত সপ্তম মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত সেনার নাম বেনজামিন এন পেনিংটন (২৬)।
পেন্টাগন জানিয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর রোববার তিনি মারা যান। গত ১ মার্চ ওই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল।
বেনজামিন এন পেনিংটন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেস ও মিসাইল প্রতিরক্ষা ইউনিটে কর্মরত ছিলেন। তিনি কলোরাডোর ফোর্ট কারসন ঘাঁটির একটি ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন কুয়েতের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হন।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। সূত্র : দ্য গার্ডিয়ান