ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

১৮ মাসে বিএসইসি ১,৪৮৮ কোটি টাকা জরিমানা করেছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)–এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, গত ১৮ মাসে সংস্থাটি এত আইনি সংস্কার করেছে যা বিএসইসির ইতিহাসে বিরল। এই সময়ে বিভিন্ন অভিযোগে মোট ১ হাজার ৪৮৮ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো ১৬টি অর্থপাচার–সংক্রান্ত মামলা দুর্নীতি দমন কমিশন (দুদক)–এ পাঠানো হয়েছে। তবে এই সময়ে জরিমানা হিসেবে আদায় হয়েছে মাত্র পাঁচ কোটি টাকা।

গতকাল রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘নতুন সরকারের সামনে শেয়ারবাজারে চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সংস্থাটিকে একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আইনি খসড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বড় কোম্পানিগুলোকে বাজারে আনতে ‘জনস্বার্থভিত্তিক প্রতিষ্ঠান আইন’-এর খসড়াও প্রস্তুত করা হচ্ছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল তিতুমীর। এতে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রাশেদ আল তিতুমীর বলেন, বিনিয়োগনির্ভর অর্থনীতি ছাড়া কোনো দেশ টেকসই হতে পারে না। তিনি বলেন, বাংলাদেশকে ঋণনির্ভর সমাজ থেকে মালিকানানির্ভর সমাজে রূপান্তর করা প্রয়োজন, যেখানে জনগণ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীদার হবে।

তিনি আরও জানান, দেশের পুঁজিবাজারকে ‘ফ্রন্টিয়ার মার্কেট’ থেকে ‘ইমার্জিং মার্কেটে’ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এজন্য নিরীক্ষক, মূল্যায়নকারী ও ঋণমান নির্ধারণকারী সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা হবে, যাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় মেটাতে বাজারে বন্ড ও শেয়ার ছাড়ার সম্ভাবনার কথাও জানান তিনি।

এদিকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, গত ১০–২০ বছরে অনেক অযোগ্য কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে, যাদের অনেকেরই এখন ব্যবসা বন্ধ। ভবিষ্যতে এমনটি হতে দেওয়া উচিত নয়। তিনি বলেন, কর ছাড়ই সবকিছু নয়; মূল সমস্যা বিনিয়োগকারীদের আস্থার অভাব। নীতিনির্ধারকদের অনেকেই শেয়ারবাজারকে ‘জুয়ার বাজার’ মনে করেন—এই ধারণা বদলাতে হবে।

সেমিনারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ–এর সভাপতি রিয়াদ মাহমুদ প্রাথমিক শেয়ার ইস্যু ও অধিকার শেয়ার ইস্যুর ক্ষেত্রে কাগুজে নথিপত্র কমিয়ে পুরো প্রক্রিয়া ডিজিটাল করার দাবি জানান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ