বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও কাজের কাজ করতে পারল না পিএসজি। ঘরোয়া লিগে দুই ম্যাচ পর আবারও হারের তিক্ততা পেল চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে শুক্রবার রাতে মোনাকোর কাছে লিগ আঁর ম্যাচটি ৩-১ গোলে হেরেছে লুইস এনরিকের দল।
ম্যাচের ২৭তম মিনিটে মাগনাশ আগলিউশের গোলে এগিয়ে যায় মোনাকো। বিরতি থেকে ফিরে দশম মিনিটের মাথায় সফরকারীদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেসান্দার গোলভিন।
৭১তম মিনিটে ব্রেডলি বার্কোলার গোলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় পিএসজি। কিন্তু দুই মিনিটের মাথায় আরেক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। মোনাকোর হয়ে তৃতীয় গোলটি করেন ফোলারিন ব্যালোগান।
ম্যাচে ৫৯ শতাংশ বলের দখল রেখে গোলের উদ্দেশে ১৭টি শট নেয় পিএসজি, লক্ষ্যে রাখতে পারে ৭টি শট। বিপরীতে ১১ শটের ৬টি লক্ষ্যে রেখেই বাজিমাৎ করে মোনাকো।

লিগ মৌসুমে পিএসজির এটি চতুর্থ হার। হারের পারও ২৫ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস।


















