জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় এ সাক্ষাৎ হওয়ার কথা ছিল
উল্লেখ্য, পল কাপুর গত ৩ মার্চ রাতে দিল্লি হয়ে দুই দিনের সফরে ঢাকায় রয়েছেন। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক জোরদার করা, দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া
বুধবার ৪ মার্চ সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক নির্ধারিত।
তবে এনসিপির বৈঠক বাতিলের কোনো অফিসিয়াল কারণ জানা যায়নি।