ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থিদের জয়জয়কার

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ আধিপত্য বজায় রয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড গড়েছেন।

গতকাল বুধবার (৪ মার্চ) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মো. ইদ্রিস মিয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

মোট ১৪টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১১টি পদে প্রার্থী দিয়ে ৯টি পদে বিশাল জয় লাভ করেছে। অন্যদিকে, স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামীপন্থী আইনজীবীরা বাকি ৫টি পদে জয়ী হয়েছেন।

বিজয়ীদের মধ্যে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সিনিয়র আইনজীবী মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের আমিনুল ইসলাম রতন পুনরায় নির্বাচিত হয়ে তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিতরা হলেন— সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি এ.এম. ছাদ্দাদুল হক, লাইব্রেরি সম্পাদক মো. আবু বাক্কার সিদ্দিক মিলন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক মো. নজরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অডিটর মো. আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্য পদে মো. আবু হানিফ, মো. সোহাগ মিয়া ও মো. সারোয়ার আলম।

অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে মুফতী মো. জাকির খান, সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল হক ভূঁইয়া ও মো. আবু সাইম এবং সদস্য পদে মো. রফিকুল ইসলাম ও মো. কোরবান আলী নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হয়েছে এবং নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আইনজীবীদের অধিকার আদায়ের সংগ্রাম আরও গতিশীল হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ