বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘লংকা-বাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ নামে একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাসে অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত কমিশনের ১০০১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সংস্থাটির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ফান্ডটির খসড়া প্রসপেক্টাস এবং এর সারসংক্ষেপ (অ্যাব্রিজড ভার্সন) পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, ফান্ডটির প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান লংকা-বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে। অবশিষ্ট ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে লংকা-বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি হিসেবে দায়িত্বে থাকবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করবে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি।
বিজনেস আই/