ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ন

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

চার দলের মধ্যে ইতিমধ্যে তিন দল নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের সেমিফাইনালের টিকিট। শেষ দল হিসেবে কারা যাবে শেষ চারে, তা নিশ্চিত হবে আজ রাতে। সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। যে দল জয় নিয়ে মাঠ ছাড়বে, তারই যাবে সেমিফাইনালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় আজকের ম্যাচে অনেকে ফেভারিট হিসেবে দেখছেন স্বাগতিকদের। গ্রুপ পর্বের খেলায় অপরাজিত থেকে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হারের পর সেমিফাইনালে খেলার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে সূর্যকুমারের দল।

অন্যদিকে ভারতের মতোই গ্রুপর্বের খেলায় অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে ভারতের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরাও দুই ম্যাচ খেলে এক জয় এবং এক হারে দুই পয়েন্ট নিয়ে অবস্থান করছে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের দুই নম্বরে। যেখানে ভারতের অবস্থান তিন নম্বরে। অন্যদিকে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হেরে সেমিফাইনাল নিশ্চিত করেছে গেল আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। ফলে শেষ দল হিসেবে কারা যাবে সেমিফাইনালে, সে সমীকরণও স্পষ্ট। আজ যে দল জিতবে তারাই খেলবে শেষ চারে।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের অতীতের পরিসংখ্যান কথা বলছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসরে এখন পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বর্তমান চ্যাম্পিয়নদের এক জয়ের বিপরীতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জয় তিনটি। ভারতীয়রা তাদের একমাত্র জয় পেয়েছেন ২০১৪ বিশ্বকাপে। সেবার গ্রুপপর্বের ম্যাচে উইন্ডিজদের সাত উইকেটে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ভারত।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই দলে দেখা হয়েছে সবশেষ ২০১৬ সালে। সেই আসরে সেমিফাইনালে ভারতকে সাত উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ক্যারিবিয়ানরা। ঐ আসরে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরেও দারুণ ছন্দে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আজ স্বাগতিক ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারে কিনা, ওয়েস্ট ইন্ডিজ সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ