ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ৪:১০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে যুক্ত হচ্ছে ওপেন এআই

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের শ্রেণিবদ্ধ (ক্লাসিফায়েড) ক্লাউড নেটওয়ার্কে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহারের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে অল্টম্যান বলেন, ‘আমাদের সব আলোচনায় প্রতিরক্ষা দপ্তর নিরাপত্তার প্রতি গভীর সম্মান দেখিয়েছে এবং সর্বোত্তম ফল অর্জনে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে।’

কোম্পানিটি জানায়, চুক্তির শর্তে ‘দেশের ভেতরে গণ নজরদারির ওপর নিষেধাজ্ঞা এবং শক্তি প্রয়োগের ক্ষেত্রে মানবীয় দায়বদ্ধতা’ অন্তর্ভুক্ত রয়েছে। এই দুটি বিষয়ই প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের বিরোধের অন্যতম প্রধান কারণ ছিল।

অল্টম্যান বলেন, ওপেনএআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা নীতির মধ্যে রয়েছে—দেশীয় গণ নজরদারি নিষিদ্ধ করা এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থাসহ শক্তি প্রয়োগের ক্ষেত্রে মানুষের চূড়ান্ত দায়িত্ব নিশ্চিত করা। তিনি দাবি করেন, পেন্টাগন এসব নীতির সঙ্গে একমত এবং সেগুলো আইন ও নীতিমালায় প্রতিফলিত রয়েছে। তিনি আরও জানান, প্রতিরক্ষা দপ্তর যেন একই শর্ত অন্যান্য এআই কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য করে, সে আহ্বানও জানিয়েছে ওপেনএআই।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অ্যানথ্রপিকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন এবং তাদের চরম বামপন্থী আখ্যা দেন। এদিকে, পেন্টাগন ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি। চুক্তির শর্তাবলি কী এবং অ্যানথ্রপিকের ক্ষেত্রে আপত্তি থাকলেও ওপেনএআইকে একই ধরনের নিরাপত্তা শর্ত আরোপের সুযোগ কেন দেওয়া হলো—এ বিষয়ে প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ