প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক। সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারসহ বেশ কিছু নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আজকের বৈঠকের সবচেয়ে আলোচিত দিক ছিল প্রধানমন্ত্রীর অনাড়ম্বর উপস্থিতি। প্রথা ভেঙে প্রধানমন্ত্রী নিজেই নিজের ব্যাগ ও প্রয়োজনীয় ফাইলপত্র বহন করে সম্মেলন কক্ষে প্রবেশ করেন। তার এই আচরণ মন্ত্রিসভার সদস্যদের মাঝে এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে- তা হলো ‘সেবক হিসেবে কাজ করা, শাসক হিসেবে নয়।’


















