জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড বাংলাদেশর এসিআই লজিস্টিকস (স্বপ্ন)-এর সঙ্গে অংশীদার হতে সম্মত হয়েছে। সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা এসিআই লজিস্টিকসকে প্রদান করবে।
এই অংশীদারিত্ব একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে বাস্তবায়িত হবে। এসিআই লজিস্টিকস, এসিআই লিমিটেড-এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, যার অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’ পরিচালিত হয়। সারাদেশে স্বপ্নের বর্তমানে ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এসিআই সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন— এসিআই-এর চেয়ারম্যান জনাব এম. আনিস উদ্ দৌলা; ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা; এসিআই লজিস্টিকস লি.-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সাব্বির হাসান নাসির; মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড-এর কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার জনাব কজুহাইডে নাকাজো এবং এসিআই ও মিতসুই উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মিতসুই অ্যান্ড কোং লিমিটেড জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠান। এই মাল্টিন্যাশনাল কোম্পানি সারা বিশ্বের ৬০টিরও বেশি দেশে বিনিয়োগের পাশাপাশি গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা এবং বিস্তৃত শিল্পখাতে অভিজ্ঞতা নিয়ে কাজ করছে।
মিতসুই এশিয়া প্যাসিফিক, এসিআই লজিস্টিকসের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং ভবিষ্যতে এসিআই লজিস্টিকসের কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা করে যাবে। বাংলাদেশের আধুনিক রিটেইলে স্বপ্নের নেতৃস্থানীয় ভূমিকা, বিগত সময়ে স্বপ্নের বিস্তার, পরিচালন দক্ষতা, ক্রেতাদের উন্নততর শপিং অভিজ্ঞতা প্রদান এবং সঠিক মানের পণ্য সরবরাহ— এসব বিষয় পর্যালোচনা করে মিতসুই গভীর আস্থা প্রকাশ করেছে। পরিচালনায় শ্রেষ্ঠত্ব, গভর্ন্যান্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং সাসটেইনেবিলিটির ক্ষেত্রে ভবিষ্যতে মিতসুই স্বপ্নের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।