যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমার উত্তর-পশ্চিমে কিয়ি পেনিনসুলায় এক ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পিয়ার্স কাউন্টি শেরিফ দপ্তর। এপির বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সকাল প্রায় ৮টা ৪০ মিনিটে ৩২ বছর বয়সী এক ব্যক্তি ‘নো-কন্ট্যাক্ট অর্ডার’ লঙ্ঘন করছেন—এমন অভিযোগে ডেপুটিদের ঘটনাস্থলে পাঠানো হয়। তবে যাচাই করে দেখা যায়, আদেশটি এখনো আনুষ্ঠানিকভাবে তার কাছে পৌঁছানো হয়নি। সেটি সরবরাহ করতে কর্মকর্তারা রওনা হন।
কিন্তু তারা পৌঁছানোর আগেই ওই ব্যক্তি বাড়ির বাইরে একাধিক মানুষকে ছুরিকাঘাত শুরু করেন। প্রথম ডেপুটি প্রায় তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ৩৩ মিনিটে সন্দেহভাজনকে গুলি করেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ছুরিকাঘাতে আহত চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে হাসপাতালে নেওয়া হলেও পরে তারও মৃত্যু হয়, জানান পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিমের মুখপাত্র শেলবি বয়েড।
প্রাথমিক তথ্যে জানা গেছে, যে বাড়ির সামনে হামলা ঘটে সেটির মালিক এক নারী, যিনি তার ছেলের বিরুদ্ধে এক বছরের সুরক্ষা আদেশ চেয়ে আবেদন করেছিলেন। আদালতের নথিতে উল্লেখ রয়েছে, ওই ব্যক্তি মাকে হুমকি দেওয়া, মানসিক নির্যাতন এবং সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত ছিলেন। তিনি শুনানির নোটিশ পেলেও আদালতে হাজির হননি।
ডেপুটির গুলিতে সন্দেহভাজনের মৃত্যু এবং ছুরিকাঘাতের পুরো ঘটনা তদন্ত করছে পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিম।