ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ভেতরে থাকা মালামাল ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, একটি টিনের মসজিদে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর ও ফ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজনের চেষ্টায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
স্টেশন অফিসার আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মসজিদের ভেতরে কেউ ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মোট ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।