ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪০ পূর্বাহ্ন

হারাগাছে আখতার হোসেনের সফর ঘিরে বিক্ষোভের ডাক

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সফরকে কেন্দ্র করে রোববার (২২ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪-এর সাধারণ ভোটার’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা দেন পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুরুল আমীন দাজু ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।

বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় ছিনতাই করে আখতার হোসেন সংসদ সদস্য হয়েছেন। এমন পরিস্থিতিতে তার হারাগাছ সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা বলেও দাবি করেন তারা। সফরের প্রতিবাদে জনসাধারণকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এদিকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকায় কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হারাগাছ থানা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, সফর ঘিরে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন এবং ভোট পুনর্গণনার দাবি জানান। তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ