ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন

রাজশাহী–ঢাকা–খুলনায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

শীতের বিদায়ের সঙ্গে ফাল্গুনের আগমনী বার্তায় প্রকৃতিতে লেগেছে নতুন রং। তাপমাত্রার পারদও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় রোববার (২২ ফেব্রুয়ারি) আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এদিন তাপমাত্রা বাড়ার কোনো স্পষ্ট পূর্বাভাস নেই।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানায়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, শনিবার বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি পরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এসব আবহাওয়াগত উপাদানের প্রভাবে দেশে সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। শনিবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আগামী সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবারও একই তিন বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সপ্তাহের মাঝামাঝি, বুধবার সারা দেশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ফলে ফাল্গুনের শুরুতে দিন গরমের আভাস মিললেও রাতের আবহে কিছুটা শীতলতার অনুভূতি থাকতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ