ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন

দেশবাসীকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল নোটের আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা ও অবৈধ কার্যক্রমের বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই সতর্কবার্তা প্রদান করে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন থেকে জানানো হয়, সম্প্রতি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে আসল নোটের ডিজাইন এবং আকার হুবহু অনুকরণ করে বড় আকারের ‘নমুনা নোট’ প্রদর্শন করা হচ্ছে। অসাধু চক্র এই নোটগুলো ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধ মার্কেটিং কার্যক্রম পরিচালনা করছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎপ্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, বাজারে বা জনসমাগমস্থলে আসল টাকার সদৃশ কোনো কাগজ ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ড জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যা বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এই আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

বাংলাদেশ ব্যাংক সাধারণ জনগণকে আসল নোট সদৃশ কোনো কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে তাতে বিশ্বাস না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জালিয়াতি এড়াতে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে জনগণকে সব সময় সচেতন থাকার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আসল নোট চেনার উপায় এবং এর নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিভ্রান্তি এড়াতে যেকোনো আর্থিক তথ্যের জন্য শুধুমাত্র নির্ভরযোগ্য এবং দাপ্তরিক উৎসের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ