কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পেকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সরকারি ঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- সরকারি ঘোনা এলাকার মনজুর আলম, বুলু আহমদ, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর, জসিম উদ্দিন লালু, বৃদ্ধ নুরবানু ও সাইফুল ইসলাম, আমির হোসেন, নুরুল নাহার।
স্থানীয় লোকজন জানান, অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয় এবং ৩টি পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। কিন্তু আগুন পুরো বসতবাড়িতে ছড়িয়ে যাওয়ায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই এবং প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘনবসতিপূর্ণ এলাকার প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে।
পেকুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শাফায়াত বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান।