পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’-এর নাম বদলে এখন থেকে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নাম পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার থেকেই তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ব্যাংকটি ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে ‘Standard Islami Bank PLC.’) হিসেবে পরিচিতি পাবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের স্বাক্ষরিত একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তনটি কার্যকর করা হয়েছে।
আইনি প্রক্রিয়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারের ৩৭ (২) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নামকরণ পরিবর্তন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকেই এই নতুন নাম কার্যকর বলে গণ্য হবে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়ে দিয়েছে।
উল্লেখ্য যে, এর আগেও ব্যাংকটির করপোরেট কাঠামোতে পরিবর্তন আনা হয়েছিল। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’ থেকে নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’ করা হয়েছিল। এবার ইসলামী ব্যাংকিং ধারায় নিজেদের কার্যক্রম আরও সুসংহত করতেই এই নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।