জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ইসি সূত্র জানায়, সিইসির ভাষণটি আগেই রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে এটি সম্প্রচার করা হবে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতিকে অবহিত করাই এ ভাষণের মূল লক্ষ্য। সিইসি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণের অগ্রগতি, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রস্তুতি এবং ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও ভাষণে বিস্তারিত তুলে ধরা হতে পারে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন ও সমন্বয় ব্যবস্থার বিষয়ও এতে গুরুত্ব পেতে পারে।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারের ভাষণকে নির্বাচনপূর্ব গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।