আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আশাবাদী পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। সাইডলাইনে থাকা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কিনতে শুরু করেছে। এর ফলে নির্বাচনের আগের তিন কর্মদিবসে সূচক ও লেনদেনের রেকর্ড পরিমাণ উত্থান হয়েছে পুঁজিবাজারে। গত তিন কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ফিরেছে ৯ হাজার ৪১৯ কোটি টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি ১৯ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি ৭৯ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে ১ দশমিক ৩৫ শতাংশ বা ৯ হাজার ৪১৯ কোটি ৪০ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। চলতি সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭২ কোটি ৬৮ লাখ টাকার।
এদিকে নির্বাচনের আগে তিন কর্মদিবসে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬৫.৫৬ পয়েন্ট বা ৩ দশমিক ১৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির। এর আগে গত ৭ অক্টোবর ডিএসইর প্রধান সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৩৭৭ পয়েন্ট।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৭.১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২৪.৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫৩টির, কমেছে ২৯টির এবং অপরবর্তিত রয়েছে ৮টির।
বিজনেস আই/